দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আবু তালহা চৌধুরীর সম্মানে মৌলভীবাজারে দোয়া মাহফিল

মৌলভীবাজার প্রতিনিধি:
যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়া এবং গুরুত্বপূর্ণ কেবিনেট দায়িত্ব লাভ করায় কাউন্সিলর আবু তালহা চৌধুরীর সম্মানে মৌলভীবাজারে দোয়া ও শুভকামনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১ জুন) মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে শহরের দৈনিক বাংলার দিন পত্রিকার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাউন্সিলর আবু তালহা চৌধুরীর পুনর্নির্বাচিত হওয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। তাঁর এ অর্জন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি কমিউনিটির মর্যাদা আরও বৃদ্ধি করবে। বক্তারা তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। পাশাপাশি তাঁরা আশা প্রকাশ করেন, আবু তালহা চৌধুরী আগামী দিনগুলোতে কমিউনিটি উন্নয়ন ও জনকল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে তাঁর সুস্বাস্থ্য, কর্মজীবনের সাফল্য এবং জনগণের কল্যাণে কাজ করার তৌফিক কামনা করা হয়।

বক্তারা আরও বলেন, প্রবাসে বাংলাদেশিদের সাফল্যকে সম্মান জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাংলার দিন-এর সম্পাদক বকসি ইকবাল আহমদ। বক্তব্য রাখেন চ্যানেল এস-এর হেড অব নিউজ ও নাট্যব্যক্তিত্ব খালেদ চৌধুরী, দৈনিক ইত্তেফাক-এর মৌলভীবাজার প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, দৈনিক স্বাধীনতার চেতনা-এর সম্পাদক বকসি মিসবাউর রহমান, অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ মছু চৌধুরী, সিনিয়র সাংবাদিক এম এ রহিম, কমিউনিটি ব্যক্তিত্ব ময়নুল ইসলাম চৌধুরী, দৈনিক এশিয়া বাণী-এর প্রতিনিধি, বকসি আক্তার উজ্জামান, সাংবাদিক জাকির আহমেদ, অ্যাডভোকেট সৈয়দ ইশতিয়াক জাকেরীন এবং কমলগঞ্জ থানা শাখা সাংবাদিক ফোরামের সভাপতি মো. আব্দুস সালাম।

দোয়া পরিচালনা করেন মাওলানা আইয়ুব আলী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক দুরুদ আহমেদ।