মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা

রিপোর্ট: খ ম জুলফিকার | মৌলভীবাজার
মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা প্রদান করেছে জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ। শনিবার (৬ জুন) বিকেল ৫টায় শহরের ড. সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি লেখক ও গবেষক সৈয়দ কামাল আহমদ বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল এস-এর হেড অব নিউজ খালেদ চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহকারী সভাপতি, বিশিষ্ট লেখক, গবেষক ও আইনবিদ ড. আবু তাহের, ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদের সদস্য সচিব খ ম জুলফিকার, সরকারি অবসর কর্মচারী কল্যাণ সমিতির নেতা আব্দুল বাসিত, জাতীয় মানবাধিকার সোসাইটির জেলা সাধারণ সম্পাদক দেওয়ান মোনাকিব চৌধুরী, বীমা কর্মকর্তা সৈয়দ শাহিন মিয়া, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সাধারণ সম্পাদক জহির খান, শিক্ষাবিদ মুর্শেদ আহমদ মুন্না, শিক্ষাবিদ মুজিবুর রহমান, হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব খছরু চৌধুরী এবং সিনিয়র সাংবাদিক শ. ই. জবলুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা আব্দুল আজিজের প্রবাসে থেকে দেশের উন্নয়ন, সমাজসেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের প্রশংসা করেন। তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এবং আব্দুল আজিজ তার উজ্জ্বল দৃষ্টান্ত।

অনুষ্ঠানের এক পর্যায়ে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুধীজন উপস্থিত ছিলেন।