বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন শেষে বোর্ড সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার তামিম ইকবাল। একক প্রার্থী হিসেবে তিনি বিসিবির ২১তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।
রোববার (৭ জুন) মিরপুরে অনুষ্ঠিত হয় বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। আট মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত ১২ পরিচালক হলেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।
ক্লাব ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১২ জন পরিচালক নির্বাচিত হন। বাকি চার প্রার্থী বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং ইমরোজ আহমেদ পরাজিত হন।
ভোটের হিসাবে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট করে পান সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। মাসুদুজ্জামান পান ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল পান ৬৮ ভোট।
এছাড়া ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম ৬৬টি করে ভোট, সাকেফ আহমেদ সালাম ৬৫ ভোট, আসিফ রাব্বানি ৬৪ ভোট এবং ইয়াসির আব্বাস ৬৩ ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম বাবু পেয়েছেন ৫৩ ভোট এবং ডা. মাহবুব শামীম পেয়েছেন ৪১ ভোট।
ক্লাব ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন। এর মধ্যে ৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
অন্যদিকে, পরাজিত প্রার্থীদের মধ্যে বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২ ভোট, ফায়াজুর রহমান মিতু ২৩ ভোট এবং ইমরোজ আহমেদ পেয়েছেন ২০ ভোট।
নির্বাচন শেষে সভাপতি হিসেবে তামিম ইকবালের নির্বাচিত হওয়াকে বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তার নেতৃত্বে দেশের ক্রিকেটের উন্নয়ন ও নতুন পরিকল্পনার দিকে নজর থাকবে ক্রিকেটাঙ্গনের।
