স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো পা রাখতে যাচ্ছেন স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। আর অভিষেক বিশ্বকাপেই তিনি গায়ে তুলছেন ইতিহাসের অন্যতম আলোচিত ১৯ নম্বর জার্সি, যে নম্বর পরে নিজের প্রথম বিশ্বকাপ খেলেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
বিশ্বকাপের জন্য স্পেন তাদের আনুষ্ঠানিক জার্সি নম্বর প্রকাশ করেছে। তালিকায় দেখা গেছে, ক্লাব ফুটবলে বার্সেলোনার ১০ নম্বর জার্সিধারী ইয়ামাল জাতীয় দলে খেলবেন তার পরিচিত ১৯ নম্বর জার্সিতে। অন্যদিকে স্পেনের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি পেয়েছেন বার্সেলোনারই আরেক তারকা দানি ওলমো।
মাত্র ১৮ বছর বয়সেই স্পেনের সবচেয়ে বড় ভরসাগুলোর একটিতে পরিণত হয়েছেন ইয়ামাল। তাই তার জার্সি নম্বর নিয়েও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে ১৯ নম্বর জার্সির সঙ্গে জড়িয়ে আছে বিশ্বকাপ ইতিহাসের বহু স্মরণীয় অধ্যায়।
২০০৬ জার্মানি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে অভিষেকের সময় মেসির গায়েও ছিল ১৯ নম্বর জার্সি। সেই আসরেই সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে গোল করে বিশ্ব ফুটবলে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন তিনি। পরবর্তীতে আর্জেন্টিনার কিংবদন্তি ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী হয়ে ওঠেন মেসি।
শুধু মেসিই নন, ১৯ নম্বর জার্সির সঙ্গে জড়িয়ে আছে জার্মানির বিশ্বকাপজয়ী নায়ক মারিও গোটসের নামও। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে তার করা একমাত্র গোলেই চতুর্থ বিশ্বকাপ শিরোপা জেতে জার্মানি। সেই ম্যাচে গোটসের জার্সি নম্বরও ছিল ১৯। এছাড়া ইতালির সাবেক তারকা ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চিও দীর্ঘদিন জাতীয় দলে এই নম্বর পরে খেলেছেন।
স্পেনের ফুটবল ইতিহাসেও ১৯ নম্বর জার্সির রয়েছে বিশেষ গুরুত্ব। সাবেক স্ট্রাইকার হুলিও সালিনাস তিনটি বিশ্বকাপে এই নম্বর পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন। দীর্ঘ সময় ধরে বিশ্বকাপে স্পেনের হয়ে সবচেয়ে বেশি মিনিট মাঠে থাকার রেকর্ডও ছিল তার দখলে।
ফলে ইয়ামালের জন্য ১৯ নম্বর জার্সি কেবল একটি সংখ্যা নয়, বরং এটি একটি ঐতিহ্য ও গৌরবের প্রতীক। তরুণ এই তারকা যদি বিশ্বকাপের মঞ্চে নিজের প্রতিভার ঝলক দেখাতে পারেন, তবে মেসির মতো তার প্রথম বিশ্বকাপের গল্পও একদিন কিংবদন্তির মর্যাদা পেতে পারে।
এদিকে স্পেনের ১০ নম্বর জার্সি নিয়েও কম আলোচনা হচ্ছে না। ২০২২ কাতার বিশ্বকাপে এই নম্বরটি ছিল মার্কো আসেনসিওর দখলে। তবে বর্তমান স্কোয়াডে জায়গা না পাওয়ায় এবার সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে দানি ওলমোর কাঁধে।
২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন। আর সেই স্বপ্নপূরণের অভিযানে সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে লামিনে ইয়ামাল। এখন দেখার বিষয়, ইতিহাসের ভার বহন করা ১৯ নম্বর জার্সি গায়ে তিনি কতটা উজ্জ্বল হয়ে উঠতে পারেন।
