বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন ইরাক জাতীয় ফুটবল দলের তারকা স্ট্রাইকার আয়মেন হুসেইন। শনিবার সকালে শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে আটক করে মার্কিন কর্তৃপক্ষ। প্রায় সাত ঘণ্টা ধরে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এই ফুটবলারকে।
জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় হুসেইনের ব্যক্তিগত মোবাইল ফোনও পরীক্ষা করা হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হলেও দলের ফটোগ্রাফার তালাল সালাহকে দেশে ঢুকতে দেওয়া হয়নি।
ইরাকি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সালাহকে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দিয়ে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্তৃপক্ষ বা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
ইরাকের বিশ্বকাপ যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আয়মেন হুসেইন। তার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরেই চার দশক পর আবারও বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।
বিশ্বকাপে ইরাকের আক্রমণভাগে হুসেইনের সঙ্গে থাকবেন আলি আল-হামাদি, আলি জাসিম ও ইউসুফ আমিন। গ্রুপ ‘আই’-এ ইরাকের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী বৃহস্পতিবার। ইরাক তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে।
