ইসরাইলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু করল ইরান, কয়েক দফা ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা,

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই মাস পর আবারও সরাসরি সামরিক সংঘাতে জড়িয়েছে ইরান ও ইসরাইল। ইসরাইলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রের ভিডিও প্রকাশ করে ইরান দাবি করেছে, এটি তাদের ‘এক সপ্তাহব্যাপী ধারাবাহিক হামলার সূচনা’।

ইরানি কর্তৃপক্ষের প্রকাশিত ফুটেজে ইসরাইলের উদ্দেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্য দেখা গেছে। একই সঙ্গে তারা জানিয়েছে, সাম্প্রতিক এই হামলা ভবিষ্যতে আরও বিস্তৃত সামরিক অভিযানের অংশ।

অন্যদিকে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে হামলার সুনির্দিষ্ট স্থান, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইডিএফ।

এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। রোববার তিনি বলেন, ইসরাইল যেন পাল্টা হামলা না চালায়, সে বিষয়ে তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি কথা বলবেন।

বিশ্লেষকদের মতে, দুই মাস আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এই প্রথমবারের মতো ইরান ও ইসরাইল একে অপরের ভূখণ্ডে সরাসরি হামলা চালাল। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।