স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচটিতে মাঠে নামেননি দলের অধিনায়ক লিওনেল মেসি। হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে তাকে বিশ্রামে রাখা হয়।
কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। টুর্নামেন্টকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহণকারী দলগুলো। সেই প্রস্তুতির অংশ হিসেবেই হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মেসির অবস্থা সন্তোষজনক হলেও কোনো ধরনের ঝুঁকি নিতে চাননি তারা। গত ২৪ মে ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে বাম হ্যামস্ট্রিংয়ে ক্লান্তিজনিত সমস্যায় পড়েন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি।
মেসিকে ছাড়াই দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ। পরে ব্যবধান দ্বিগুণ করেন গিউলিয়ানো সিমিওনে। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার আরেকটি প্রস্তুতি ম্যাচ রয়েছে আইসল্যান্ডের বিপক্ষে।
অন্যদিকে, চিলিকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচের প্রথমার্ধে খেলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি মেসির মতোই নিজের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার অপেক্ষায় আছেন।
তবে ম্যাচটি উত্তেজনারও জন্ম দেয়। বিরতির ঠিক আগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ বাধলে পর্তুগালের রাফায়েল লিয়াও এবং চিলির ইভান রোমান লাল কার্ড দেখেন। ফলে লিয়াও অন্তত এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। শাস্তি আরও বাড়লে বিশ্বকাপের শুরুর ম্যাচগুলোও মিস করতে পারেন তিনি।
পর্তুগালের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গনসালো গেদেস ও ব্রুনো ফার্নান্দেজ। তাদের গোলেই জয় নিশ্চিত হয় দলটির। আর যোগ করা সময়ে চিলির হয়ে একমাত্র গোলটি করেন লুকাস সেপেদা।
বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি। এমন সময়ে মেসির শারীরিক অবস্থা এবং লিয়াওয়ের সম্ভাব্য নিষেধাজ্ঞা আর্জেন্টিনা ও পর্তুগাল শিবিরে বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে প্রস্তুতি ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাসী অবস্থানেই বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে দুই ফুটবল পরাশক্তি।
