লন্ডন | কেএম আবু তাহের চৌধুরী:
বিশ্বনাথ উপজেলার ধর্মদা, তাতিকোনা, মোহাম্মদপুর ও সাধু গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে গঠিত ডিটিএমএস ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে নির্মিত প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে আধুনিক ঈদগাহ নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় গত ৭ জুন পূর্ব লন্ডনের ওয়েস্টহাম এলাকার ইমপ্রেশন ভেন্যুতে এক শোকরানা মাহফিল ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ, এসপায়ার পার্টি টাওয়ার হ্যামলেটসের চেয়ারম্যান ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, রেডব্রিজ কাউন্সিলের ডেপুটি সিভিক মেয়র কাউন্সিলর সাঈদা চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেন, বিবিসিসিইর চেয়ারম্যান রফিক হায়দার এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আব্দুল ওয়াহিদ সিরাজীসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মনির আহমদ, মিজানুর রহমান মিজান এবং শামসাদুর রহমান রাহীন। ট্রাস্টের কোষাধ্যক্ষ শাহ নুরুল আলম নাহিদ সংগঠনের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন।
অনুষ্ঠানে শিক্ষা, বিজ্ঞান ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ট্রাস্টের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ছিলেন একজন বিজ্ঞানী, চিকিৎসক, ৯৫ বছর বয়সী সমাজসেবী এবং একজন কবি।
সভায় ধর্মদা, তাতিকোনা, মোহাম্মদপুর ও সাধু গ্রামের প্রবাসীদের অর্থায়নে প্রতিষ্ঠিত আধুনিক আরাফাত ঈদগাহ, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। কবি মনির আলী কবিতা আবৃত্তি করেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষক, রাজনীতিবিদ ও লেখক শাহ ফারুক আহমদ উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন।
বক্তারা তাদের বক্তব্যে ডিটিএমএস ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসীদের এ ধরনের উদ্যোগকে সমাজ উন্নয়নের অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আব্দুল হাই ট্রাস্টের সকল দাতা সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক কল্যাণে ভবিষ্যতেও প্রবাসীদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত এলাকাবাসী ও অতিথিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে প্রীতিভোজে আপ্যায়ন করা হয়।
