বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করবে তিন টিভি চ্যানেল, ফিফার সঙ্গে চুক্তি হলো ৩.৮৫ মিলিয়ন ডলারে

ঢাকা, মঙ্গলবার: আসন্ন ফুটবল বিশ্বকাপ বাংলাদেশের দর্শকদের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস ও সময় টেলিভিশন সম্প্রচার করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে গ্রামীণফোন, বাংলালিংক ও রবির সঙ্গেও সম্প্রচার-সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভির পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস এবং সময় টেলিভিশন বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। এছাড়া দেশের তিনটি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও রবিও বিশ্বকাপ সম্প্রচার কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবে।

ইয়াসের খান চৌধুরী জানান, চলতি বছরে ফিফার সঙ্গে সম্প্রচার স্বত্বের চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪৭ কোটির কিছু বেশি। তবে ভ্যাট ও আয়করসহ মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা।

প্রতিমন্ত্রী দাবি করেন, অতীতেও বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব অর্জনে বিপুল অর্থ ব্যয়ের অভিযোগ ছিল। এবারও সম্প্রচার স্বত্ব নিয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

তিনি জানান, ফিফা থেকে স্বত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান শুরুতে চুক্তির জন্য প্রায় ২০০ কোটি টাকা দাবি করেছিল। তবে সরকারের উদ্যোগে শেষ পর্যন্ত তুলনামূলক কম ব্যয়ে সম্প্রচার স্বত্ব নিশ্চিত করা সম্ভব হয়েছে।

এদিকে বিশ্বকাপ ফুটবল দেশের দর্শকদের কাছে সহজলভ্য করতে সরকারি ও বেসরকারি সম্প্রচারমাধ্যমের পাশাপাশি মোবাইল অপারেটরগুলোকেও সম্পৃক্ত করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।