যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এখন পর্যন্ত এমন কোনো সুযোগ তৈরি হয়নি, তবে ভবিষ্যতে দেখা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
বুধবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের জনপ্রিয় পডকাস্ট ‘পড ফোর্স ওয়ান’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি জানান, মোজতবা খামেনির সঙ্গে তার কখনও সরাসরি সাক্ষাৎ হয়নি। তবে সুযোগ এলে তিনি অবশ্যই দেখা করতে আগ্রহী।
মোজতবা খামেনির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি নিশ্চিত নন কবে তার সঙ্গে দেখা করার সুযোগ হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় মোজতবা খামেনি যুক্ত রয়েছেন। ট্রাম্পের ভাষায়, ইরানের জনগণের কাছে মোজতবা যথেষ্ট সম্মানিত একজন ব্যক্তি। এছাড়া তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন মহলে যে আলোচনা রয়েছে, সেগুলোরও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও মার্কিন বাহিনীর হামলার ঘটনায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন বলে দাবি করা হয়। তবে ওই হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তার ছেলে মোজতবা খামেনি।
পরবর্তীতে, ৮ মার্চ তেহরান আনুষ্ঠানিকভাবে মোজতবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিভিন্ন সময়ে তার বার্তা রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে প্রচার করা হলেও এখন পর্যন্ত তার কোনো ছবি, ভিডিও বা অডিও রেকর্ডিং প্রকাশ করা হয়নি।
