নাইজারের সাহারা মরুভূমিতে একটি ট্রাক বিকল হয়ে পড়ার পর তীব্র পানির সংকটে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির আগাদেজ গভর্নরেট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, নিহতরা একটি মুসলিম ধর্মীয় উৎসবে অংশ নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরছিলেন। পথে তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে যায়। দীর্ঘ সময় মরুভূমিতে আটকে থাকার ফলে তাদের সঙ্গে থাকা পানির মজুত শেষ হয়ে যায়।
এক পর্যায়ে নাইজার-আলজেরিয়া সীমান্তের গুরুত্বপূর্ণ সংযোগস্থল আসামাকা থেকে ৮০ কিলোমিটারেরও বেশি পশ্চিমে অবস্থিত একটি দুর্গম এলাকায় পানির অভাব ও চরম তাপদাহে ৪৯ জনের মৃত্যু হয়। আসামাকা অঞ্চলটি মালি সীমান্তের কাছেও অবস্থিত।
আগাদেজ গভর্নরেট জানায়, ট্রাকের চালক, তার সহকারী এবং যাত্রীরা যানবাহনটি মেরামতের চেষ্টা করেছিলেন। তবে তারা এতে ব্যর্থ হন। ফলে সবাই প্রতিকূল পরিবেশে আটকা পড়েন এবং চরম গরম ও পানির সংকট তাদের বেঁচে থাকার সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
তবে দুর্ঘটনায় আটকে পড়াদের মধ্যে দুজন ব্যক্তি পায়ে হেঁটে ৫০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে একটি পানির উৎসের কাছে পৌঁছাতে সক্ষম হন। পরে তারা আসামাকায় গিয়ে স্থানীয় কর্তৃপক্ষকে ঘটনাটি জানান।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কার্যক্রম শেষে নিহতদের মরদেহ গণকবরে দাফন করা হয়েছে।
