নতুন সরকার শপথের পর সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে মঙ্গলবার নতুন সরকার শপথ গ্রহণ করতে পারে এবং পরবর্তীতে সেনাবাহিনী স্বাভাবিক নিয়মে ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার সকাল ১১টায় আয়োজিত ‘সিএএস দরবার’-এ সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দেশে কর্মরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সেনাসদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সেনাপ্রধান বলেন, সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করে আসছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সেনাবাহিনী স্বাভাবিক নিয়মে ব্যারাকে ফিরে যাবে। তবে পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া পর্যন্ত প্রয়োজনীয় ক্ষেত্রে সেনাবাহিনীর সহায়তা অব্যাহত থাকবে।

তিনি সেনাসদস্যদের ধৈর্য, সংযম ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানান। নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পেশাদার আচরণের প্রশংসা করে সেনাপ্রধান বলেন, সংবেদনশীল ও চ্যালেঞ্জপূর্ণ সময়ে সেনাবাহিনী যে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে, তা দেশের মানুষের আস্থা আরও দৃঢ় করেছে।

নতুন সরকারের শপথের পর আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক বাহিনীর নেতৃত্বে পরিস্থিতি স্বাভাবিক ধারায় ফিরে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।