চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘এমটি ইউয়ান জিং হে’ নামের একটি জাহাজ নোঙর করেছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জাহাজটিকে বন্দরের ডলফিন জেটিতে ভেড়ানো হয়। জাহাজটি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে পৌঁছায়।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির পর এটি চট্টগ্রাম বন্দরে আগত নবম ডিজেলবাহী জাহাজ। দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে এ ধরনের আমদানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংস্থাটি।
বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, জাহাজটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ ও পরিদর্শনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা দুপুর ২টায় বন্দরে উপস্থিত হন।
এদিকে একই সময়ে বন্দরের বহির্নোঙরে এলপিজি ও এলএনজি বহনকারী আরও দুটি বড় জাহাজ অবস্থান করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এসব জাহাজ থেকে জ্বালানি খালাস শুরু হলে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও স্বস্তিদায়ক হবে।
বিপিসি সূত্র আরও জানায়, ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে কোনো ঘাটতি এড়াতে পাইপলাইনে থাকা মজুতের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকেও জ্বালানি আমদানি বাড়ানো হয়েছে।
গত কয়েক দিন ধরে চট্টগ্রাম বন্দরে ধারাবাহিকভাবে জ্বালানি তেলবাহী জাহাজ ভিড়ছে। সরবরাহ ঝুঁকি থাকলেও সরকার বিকল্প উৎস থেকে আমদানি জোরদার করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে।
