স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের উত্তেজনা এখন চরমে। গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে আগামীকাল শনিবার ভোর ৬টায় মেক্সিকোর গুয়াদালাহারায় মুখোমুখি হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে দুই দলের সামনেই রয়েছে ভিন্ন ভিন্ন সমীকরণ। ফলে ম্যাচটি পরিণত হয়েছে গ্রুপ পর্বের অন্যতম হাইভোল্টেজ লড়াইয়ে।
দুই ম্যাচ শেষে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন। অন্যদিকে টানা দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে। সমান ২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে কেপ ভার্দে। ফলে শেষ ম্যাচের আগে তিন দলেরই শেষ ৩২-এ ওঠার সুযোগ অক্ষুণ্ন রয়েছে।
বিশ্বকাপ অভিযান কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় স্পেন। সৌদি আরবকে ৪-০ গোলে বিধ্বস্ত করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় ‘লা রোজা’। সেই ম্যাচে জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল, আর একটি করে গোল করেন লামিনে ইয়ামাল ও আরেক সতীর্থ।
স্পেন এ ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে উঠবে। এমনকি ড্র করলেও তাদের শেষ ৩২ নিশ্চিত হওয়ার সম্ভাবনা প্রবল, যদি না অন্য ম্যাচে কেপ ভার্দে সৌদি আরবকে পাঁচ বা তার বেশি গোলের ব্যবধানে হারায়। তবে কোনো সমীকরণের ওপর নির্ভর না করে জয় নিয়েই মাঠ ছাড়তে চাইবেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে।
অন্যদিকে উরুগুয়ের জন্য এটি কার্যত বাঁচা-মরার ম্যাচ। প্রথম দুই ম্যাচে সৌদি আরবের সঙ্গে ১-১ এবং কেপ ভার্দের সঙ্গে ২-২ গোলে ড্র করে চাপে রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্পেনকে হারাতে পারলে এবং অন্য ম্যাচে কেপ ভার্দে জিততে ব্যর্থ হলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ৩২-এ উঠতে পারে উরুগুয়ে। তবে ড্র বা পরাজয় তাদের বিদায়ের শঙ্কা বাড়িয়ে দেবে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ইনজুরি বড় ধাক্কা হয়ে এসেছে উরুগুয়ে শিবিরে। ডিফেন্ডার রোনাল্ড আরাউহো এবং মিডফিল্ডার জর্জিয়ান ডি আরাস্কায়েতা কাফ ইনজুরির কারণে খেলতে পারবেন না। তবে আক্রমণভাগে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ বিয়েলসা। ফেদেরিকো ভিনাসের পরিবর্তে মূল স্ট্রাইকার হিসেবে ডারউইন নুনিয়াসকে দেখা যেতে পারে। তার দুই পাশে থাকবেন অগুস্তিন কানোবিও ও মাক্সি আরাউহো।
স্পেন শিবিরেও রয়েছে কিছু পরিবর্তনের সম্ভাবনা। ভিক্টর মুনোজ পুরোপুরি ফিট না হলেও লামিনে ইয়ামাল ও মিকেল ওয়ারজাবাল থাকছেন একাদশে। মাঝমাঠে ফ্যাবিয়ান রুইজের পরিবর্তে দানি ওলমো নিজের জায়গা ধরে রাখতে পারেন। আর উইংয়ে গতি বাড়াতে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেতে পারেন নিকো উইলিয়ামস।
পরিসংখ্যানও স্পেনের পক্ষেই কথা বলছে। দুই দলের সর্বশেষ ১০ দেখায় স্পেন জিতেছে পাঁচটিতে, বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়েছে। ১৯৯০ বিশ্বকাপে তাদের একমাত্র মোকাবিলা গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছিল। ২০১৩ সালের কনফেডারেশন্স কাপের পর এই দুই দল আর মুখোমুখি হয়নি। উরুগুয়ের বিপক্ষে সর্বশেষ তিনটি ম্যাচেই জয় পেয়েছে স্পেন।
গুয়াদালাহারার এই লড়াইয়ে একদিকে থাকবে স্পেনের দৃষ্টিনন্দন পাসিং ফুটবল, অন্যদিকে উরুগুয়ের ঐতিহ্যবাহী আক্রমণাত্মক ও শারীরিক ফুটবল। গ্রুপ ‘এইচ’-এর ভাগ্য নির্ধারণী এই ম্যাচ ঘিরে তাই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
