নিউজ রিপোর্ট: ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলা এবং পুলিশি নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।
শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আন্দোলনরতদের যৌক্তিক দাবিতে কর্ণপাত না করে পুলিশের হামলা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। তিনি অভিযোগ করেন, এ হামলা থেকে সংবাদকর্মী ও সাধারণ পথচারীরাও রেহাই পাননি।
নূরুন্নিসা সিদ্দীকা বলেন, আন্দোলনরতদের ওপর অমানবিক হামলায় অনেকের হাত-পা ভেঙে গেছে এবং অনেকে গুরুতর আহত হয়ে রক্তাক্ত হয়েছেন। এ ধরনের দমন-পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে যারা এই সরকারকে ক্ষমতায় এনেছে, আজ তাদের ওপরই হামলা চালানো হচ্ছে। আন্দোলনকারীদের যৌক্তিক দাবি ছিল জুলাই বিপ্লবী ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা। কিন্তু সেই দাবিকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”
তিনি ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে জাতিসংঘের অধীনে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের আহ্বান জানান। একই সঙ্গে হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান জামায়াত মহিলা বিভাগের এই নেত্রী।
