যুক্তরাজ্যভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান Sandyman Filmz UK-এর আসন্ন বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডিজিটাল ছায়া’-র অফিসিয়াল ট্রেলার লন্ডনের ঐতিহ্যবাহী Chiswick Town Hall-এ অনুষ্ঠিত ‘ভিরাসাত’ সাংস্কৃতিক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।
চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশ করেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও পারফর্মার হিসেবে উপস্থিত থেকে তিনি চলচ্চিত্রটির বিষয়বস্তু, নির্মাণশৈলী এবং নির্মাতা দলের প্রচেষ্টার প্রশংসা করেন। একই সঙ্গে লন্ডনে জন্মগ্রহণকারী সংগীতশিল্পী থেকে চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা হয়ে ওঠা স্যান্ডিম্যানের সৃজনশীল উদ্যোগকে অভিনন্দন জানান এবং বাংলা চলচ্চিত্রে আরও মানসম্মত কাজ করার আহ্বান জানান।
সমসাময়িক সমাজে অনলাইন জালিয়াতি এবং বিশেষ করে বয়স্ক মানুষেরা কীভাবে ডিজিটাল প্রতারণার শিকার হন, সেই বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘ডিজিটাল ছায়া’। পারিবারিক সচেতনতা ও সামাজিক বার্তাধর্মী এই চলচ্চিত্রে রয়েছে নানা নাটকীয় মোড় ও আবেগঘন মুহূর্ত। স্যান্ডিম্যানের পাশাপাশি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন সংগীতা, কৃষ্ণ, রুদ্র, মৌসুমী ও অলোকসহ আরও অনেকে।
নির্মাতাদের মতে, ‘ডিজিটাল ছায়া’ শুধু একটি চলচ্চিত্র নয়, বরং ব্রিটিশ-এশিয়ান ও বাঙালি সংস্কৃতির মধ্যে একটি সৃজনশীল সেতুবন্ধন গড়ে তোলার প্রচেষ্টা। আন্তর্জাতিক পরিসরে বাংলা ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যও চলচ্চিত্রটির অন্যতম বৈশিষ্ট্য।
চলচ্চিত্রটির পরিচালনা করেছেন সুমিত্র বন্দ্যোপাধ্যায় এবং চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন মলয় মণ্ডল।
এছাড়া নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন Thai Orchid Thai Bangla (Elm Park, London), মিসেস অয়তী মিত্র (Newbury Park), মিসেস রুবি বাঙ্কার এবং মি. দেবেন্দ্র রায়।
ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে স্যান্ডিম্যান বলেন, “বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাঙালি সম্প্রদায় এবং শুভানুধ্যায়ীদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। ‘ডিজিটাল ছায়া’ আমাদের সবার স্বপ্ন, আবেগ এবং দীর্ঘদিনের পরিশ্রমের ফসল।”
অনুষ্ঠানে উপস্থিত দর্শক, সংস্কৃতিপ্রেমী এবং চলচ্চিত্র অনুরাগীদের মধ্যে ট্রেলারটি ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। ইতিবাচক প্রতিক্রিয়ায় চলচ্চিত্রটির প্রতি প্রত্যাশাও বেড়েছে বলে জানান আয়োজকরা।
ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে, আগামী ১৪ জুন লন্ডনের Bharatiya Vidya Bhavan, West Kensington-এ চলচ্চিত্রটির আনুষ্ঠানিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলা চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।
চলচ্চিত্রটির অভিনয়শিল্পীদের পূর্ণাঙ্গ তালিকা এবং পরবর্তী প্রচার কার্যক্রম সম্পর্কে শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
