লন্ডন | কেএম আবু তাহের চৌধুরী:
আন্তর্জাতিক দাতব্য সংস্থা আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে এসেক্সের ইলফোর্ডে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ইসলামিক সেমিনার। গত ১৬ জানুয়ারি শুক্রবার পূর্ব লন্ডনের ইলফোর্ড হাই রোডের কলিসিয়াম স্যুটে ‘পাথওয়ে টু পিস’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করা হয়।
ইসলামিক কনফারেন্সে অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা শায়েখ ড. সোলাইমান মোল্লা (দক্ষিণ আফ্রিকা), ড. মুফতি ইয়াছির নাদিম আল ওয়াজদি (যুক্তরাষ্ট্র), শায়েখ ড. সাজিদ ওমর, ড. মুফতি আব্দুর রহমান ইবনে ইউসুফ মাঙ্গেরা, মাওলানা হুজাইফা শেখ এবং শায়েখ রশিদ আহমদ। সম্মেলনের সমাপনী বক্তব্য দেন আল খায়ের ফাউন্ডেশন, ইকরা বাংলা টিভি, ইকরা উর্দু টিভি ও ইসলাম টিভির চেয়ারম্যান ইমাম কাসিম রশীদ আহমদ।

বক্তারা বিশ্বে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামী দৃষ্টিভঙ্গি, মানবিক বিপর্যয়ে দায়িত্ব ও করণীয়, পাশাপাশি গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ নিয়ে সচেতনতা ও মানবিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় মুসলিম উম্মাহর দায়িত্ব ও বাস্তবভিত্তিক উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শায়েখ হারুন হোসেন। সেমিনারে বাংলাদেশি কমিউনিটির ইসলামিক স্কলারদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল মুন্তাকিম, শায়েখ এমদাদ রহমান আল মাদানী, শায়খুল হাদিস আব্দুর রহমান মনোহরপুরী, শায়েখ আব্দুল বাছিত, শায়েখ হাফিজ সৈয়দ নাঈম আহমদ, মুফতি সালেহ আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সাংবাদিক খালেদ মাসুদ রনি সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজকদের মতে, এই সম্মেলনের মাধ্যমে শান্তি, মানবিকতা ও দায়িত্বশীলতার বার্তা সমাজে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
