দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের চার বছরের কারাদণ্ড

নিউজ রিপোর্ট: বাংলাদেশের একটি আদালত দুর্নীতির মামলায় যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে চার বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে পৃথক দুর্নীতির মামলায় তার খালা, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরিবারের আরও দুই সদস্যকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতের রায় অনুযায়ী, এসব মামলার বিচার হয়েছে অনুপস্থিতিতে। অভিযুক্তরা সবাই অভিযোগ অস্বীকার করেছেন।

রায়ের প্রতিক্রিয়ায় লেবার পার্টির এক মুখপাত্র বলেন, “এই মামলায় টিউলিপ সিদ্দিক ন্যায্য আইনি প্রক্রিয়ার সুযোগ পাননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্যও তাকে কখনও জানানো হয়নি।” তিনি আরও বলেন, “তার আইনজীবী দলের মাধ্যমে বারবার অনুরোধ জানানো সত্ত্বেও বাংলাদেশি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।”

লেবার পার্টির পক্ষ থেকে বলা হয়, যেকোনো অভিযোগের মুখে পড়া ব্যক্তির আইনি প্রতিনিধিত্ব করার অধিকার থাকা উচিত। “এই মামলায় সেই অধিকার নিশ্চিত না হওয়ায় আমরা এই রায়কে স্বীকৃতি দিতে পারি না,” যোগ করেন মুখপাত্র।

এদিকে, বাংলাদেশি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রায়কে ঘিরে দেশি-বিদেশি রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।