র‍্যাবের নাম বদলে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’, পোশাকও পরিবর্তন হবে

অন্তর্বর্তী সরকার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। প্রধান উপদেষ্টা এ নাম অনুমোদন করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আনুষ্ঠানিক আদেশ জারির পর নতুন নামে বাহিনীটির কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে এসআইএফের পোশাকেও পরিবর্তন আনা হবে।

তিনি আরও জানান, এটি সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত, যা প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, র‍্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে বাহিনীটির নাম ছিল র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট)। পরে ২০০৪ সালে তৎকালীন খালেদা জিয়া সরকারের সময় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নামে বাহিনীটি গঠন করা হয়।

গত দুই দশকে র‍্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের একাধিক অভিযোগ উঠে। এসব অভিযোগের প্রেক্ষাপটে ২০২১ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্র র‍্যাব এবং বাহিনীটির সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞার তালিকায় র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদও ছিলেন। তার যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এ ছাড়া ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর যে তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে র‍্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়। নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচও দীর্ঘদিন ধরে র‍্যাব বিলুপ্তির দাবি জানিয়ে আসছে।

সরকারের নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে বাহিনীর কাঠামো ও ভূমিকা কীভাবে বদলাবে, সে বিষয়ে আদেশ জারির পর বিস্তারিত জানা যাবে।