যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরকে তৃতীয় রানওয়ে প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা ও নকশা প্রণয়নের ব্যয় পুনরুদ্ধারের জন্য বিমান সংস্থাগুলোর কাছ থেকে অতিরিক্ত চার্জ আদায়ের অনুমতি দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (CAA)। এর ফলে ২০২৮ সাল থেকে যাত্রীদের বিমান টিকিটের দাম প্রায় ১৫ পেন্স পর্যন্ত বাড়তে পারে, যা পরবর্তী বছরগুলোতে ৩০ পেন্সে পৌঁছাতে পারে।
CAA জানিয়েছে, ২০২৫ ও ২০২৬ সালে তৃতীয় রানওয়ে প্রকল্পের পরিকল্পনা ও নকশা সংক্রান্ত প্রাথমিক ব্যয়ের বিপরীতে হিথ্রো সর্বোচ্চ ৩২০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত পুনরুদ্ধার করতে পারবে। এছাড়া, বিকল্প রানওয়ে পরিকল্পনা প্রস্তাব করা আরোরা গ্রুপের ‘হিথ্রো ওয়েস্ট’ প্রকল্পের ৪.১ মিলিয়ন পাউন্ড ব্যয়ও বিমানবন্দর চার্জের মাধ্যমে আদায়ের অনুমতি দেওয়া হয়েছে।
CAA-এর কনজিউমারস অ্যান্ড মার্কেটস বিভাগের পরিচালক টিম জনসন বলেন, প্রকল্পের পরিকল্পনা এগিয়ে নেওয়ার পাশাপাশি যাত্রীদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ব্যয় নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাধীন বিশেষজ্ঞদের তদারকি, নিয়মিত ব্যয়ের হিসাব প্রকাশ এবং অন্যান্য পর্যবেক্ষণমূলক ব্যবস্থা চালু থাকবে।
হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে বিমান ভ্রমণ আরও সাশ্রয়ী হবে, যাত্রীদের জন্য বিকল্প বাড়বে এবং যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
গত নভেম্বরে যুক্তরাজ্য সরকার প্রায় ৩৩ বিলিয়ন পাউন্ড ব্যয়ের হিথ্রোর তৃতীয় রানওয়ে নির্মাণ পরিকল্পনাকে আরোরা গ্রুপের বিকল্প প্রস্তাবের তুলনায় অধিক বাস্তবসম্মত হিসেবে বেছে নেয়। সরকারের লক্ষ্য, ২০২৯ সালের মধ্যে এ প্রকল্পের পরিকল্পনা অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।
তবে তৃতীয় রানওয়ে নির্মাণ পরিকল্পনা দীর্ঘদিন ধরেই বিতর্কিত। পরিবেশবাদী সংগঠন, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা আশঙ্কা করছেন, নতুন রানওয়ে নির্মিত হলে বায়ু ও শব্দদূষণ বাড়বে এবং যুক্তরাজ্যের জলবায়ু-সংক্রান্ত আইনি প্রতিশ্রুতি বাস্তবায়নে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
