নির্বাচনী পরিবেশ ইতিবাচক, মাঠে ইইউ পর্যবেক্ষকরা: ইভারস আইজাবস

নিউজ রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পর্যবেক্ষকরা মাঠে আছেন এবং দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস।

মঙ্গলবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, জানুয়ারির শুরু থেকে প্রায় ৬০ জন দীর্ঘমেয়াদি ইইউ পর্যবেক্ষক বাংলাদেশে কাজ করছেন। পাশাপাশি আজ থেকে স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরাও মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন। এসব পর্যবেক্ষক সবাই পেশাগতভাবে অত্যন্ত দক্ষ বলে তিনি উল্লেখ করেন।

ইভারস আইজাবস আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি ইইউ’র অংশীদার দেশ নরওয়ে, সুইজারল্যান্ড ও কানাডা থেকেও পর্যবেক্ষকরা এই মিশনে যুক্ত হয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে দেশের নির্বাচনী পরিবেশ মোটের ওপর ইতিবাচক। তবে কিছু বিষয় রয়েছে, যেগুলো নিয়ে আলোচনা প্রয়োজন। সার্বিকভাবে একটি আশাবাদী পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি জানান, ইইউ পর্যবেক্ষক দল ইতোমধ্যে বিভিন্ন প্রার্থী ও দেশের বিভিন্ন অঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেছে। এসব আলোচনায় অধিকাংশই মত দিয়েছেন যে, আসন্ন নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।