যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী জুন মাসে তার বয়স ৮০ বছরে পৌঁছাবে। বয়সজনিত আলোচনা ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—যদি দায়িত্বে থাকা অবস্থায় তার মৃত্যু হয়, তাহলে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব কার হাতে যাবে।
মিররের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট দায়িত্বে থাকাকালীন মারা গেলে সরাসরি ভাইস প্রেসিডেন্ট দেশের দায়িত্ব গ্রহণ করেন। এতে কোনো নির্বাচন বা বিলম্বের প্রয়োজন হয় না। এই নিয়ম অনুযায়ী, ট্রাম্পের মৃত্যু হলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স স্বয়ংক্রিয়ভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং বাকি মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ধরনের ঘটনা এখন পর্যন্ত আটবার ঘটেছে। এর মধ্যে চারজন প্রেসিডেন্ট আততায়ীর হাতে নিহত হয়েছেন এবং বাকি চারজন প্রাকৃতিকভাবে মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ ১৯৬৩ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডি ডালাসে আততায়ীর গুলিতে নিহত হন। এরপর তৎকালীন ভাইস প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন দায়িত্ব গ্রহণ করেন।
বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরানে চলমান সংঘাত, যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করেছে। দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধ এখনো সমাধানের পথে না এগোনোয় প্রেসিডেন্ট ট্রাম্প কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
