সান্ডারল্যান্ডে নর্থইস্ট ব্রাদার্স গ্রুপের চ্যারিটি ডিনার, সংগ্রহ ৬০ হাজার ৭৬০ পাউন্ড


কোহিনুর আহমেদ | নর্থইস্ট প্রতিনিধি | যুক্তরাজ্য

উত্তর-পূর্ব ইংল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চ্যারিটি ডিনারের আয়োজন করেছে নর্থইস্ট ব্রাদার্স গ্রুপ। সান্ডারল্যান্ডের বায়তুল ইলম একাডেমির জন্য আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৬০ হাজার ৭৬০ পাউন্ড তহবিল সংগ্রহ করা হয়েছে।

সান্ডারল্যান্ড বাংলাদেশি ইন্টারন্যাশনাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ চ্যারিটি ডিনারে প্রায় ৯০০ জনের উপস্থিতি ছিল। অনুষ্ঠানের শুরুতে ইসলামি নাশিদ পরিবেশন করা হয়। পরে ঈমান ও আমল বিষয়ে বয়ান পেশ করেন বায়তুল ইলম মাদ্রাসার মুফতি শিক্ষক মাওলানা ইউসুফ মিয়া।

আয়োজকরা জানান, সংগৃহীত অর্থ দিয়ে মাদ্রাসার অসমাপ্ত কাজ সম্পন্ন করা সম্ভব হবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নর্থইস্টের মুরুব্বিদের মাধ্যমে মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে চেক হস্তান্তর করা হয়। উল্লেখ্য, বায়তুল ইলম একাডেমি সান্ডারল্যান্ডে প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসা।


ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্পর্ক আরও দৃঢ় করে এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ায়।

আয়োজক সদস্যরা বলেন, নর্থইস্ট ব্রাদার্স গ্রুপ শুধু একটি সামাজিক প্ল্যাটফর্ম নয়, এটি প্রবাসে একে অপরের পাশে দাঁড়ানোর এবং নতুনদের আপন করে নেওয়ার একটি পরিবার।

কমিউনিটির সদস্যরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও সম্প্রীতি আরও জোরদার করবে।