জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র এ এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দফতরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। এরপর বিকেলে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দেবেন।
এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সাক্ষাৎকালেই প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।
এছাড়া, জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীর স্ত্রী ও সন্তানসহ সপরিবারে ইফতার মাহফিলে অংশগ্রহণের বিশেষ অনুরোধ জানিয়েছেন।
