রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি, প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে তিনি জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সোয়া ১২টার দিকে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা বলেন।

এর আগে সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়। বৈঠকে নির্বাচন আয়োজনের বিভিন্ন সাংবিধানিক ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠক শেষে সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। তবে নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠানো হয়।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। নির্বাচনের তফসিল ও ভোটগ্রহণের তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।