ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের ডিমোনা শহরে একটি ভবন ধসে পড়ে অন্তত ৪৭ জন আহত হয়েছেন। শনিবার সংঘটিত এই হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যম।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, আহতদের মধ্যে ১২ বছর বয়সী এক বালক গুরুতর আহত হয়েছে, যে স্প্লিন্টারের আঘাতে সংকটাপন্ন অবস্থায় রয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে হামলার ভয়াবহতা স্পষ্টভাবে ধরা পড়ে। এতে দেখা যায়, আকাশ থেকে দ্রুতগতিতে একটি ক্ষেপণাস্ত্র নেমে এসে বিকট বিস্ফোরণ ঘটায়।
দেশটির সম্প্রচারমাধ্যম ‘কান’ জরুরি চিকিৎসাসেবা বিভাগের বরাতে জানিয়েছে, হামলায় অন্তত ২০ জন আহত হয়েছে, যাদের মধ্যে ১০ বছর বয়সী একটি শিশুও রয়েছে।
এদিকে, উত্তর ইসরায়েলের মা’লোত-তারশিহা এলাকাতেও রকেট হামলার খবর পাওয়া গেছে। দেশটির সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ জানিয়েছে, সেখানে হামলায় অন্তত আটজন আহত হয়েছেন। ‘দ্য টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহ ওই এলাকায় একাধিক রকেট নিক্ষেপ করেছে।
ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সূত্র: আল-জাজিরা।
