কুমিল্লায় রেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক সময়ে বগুড়ার ট্রেন দুর্ঘটনার পর শনিবার দিবাগত মধ্যরাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনার নেপথ্য কারণ দ্রুত খুঁজে বের করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী ইতোমধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার নির্দেশনাও দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, ট্রেন-বাস সংঘর্ষসহ প্রতিটি দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও ফেনী, হবিগঞ্জ ও জামালপুরে সেতু দুর্ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিত ও প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
রোববার দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদের আনন্দঘন সময়ে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। তিনি বলেন, “প্রতিটি জীবন মূল্যবান, প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি।” নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না। রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
