হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালীকে ইরানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে সামরিক অভিযান কোনো বাস্তবসম্মত সমাধান নয়।

দক্ষিণ কোরিয়া সফরকালে রাজধানী সিউল থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাখোঁ এ মন্তব্য করেন বলে এএফপি জানিয়েছে।

তিনি বলেন, অনেকেই হরমুজ প্রণালীকে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে উন্মুক্ত করার পক্ষে মত দিচ্ছেন, এমনকি যুক্তরাষ্ট্রও কখনো কখনো এ ধরনের অবস্থান নিয়েছে।

মাখোঁ স্পষ্ট করে বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবসম্মত নয়। এতে দীর্ঘ সময় লাগবে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

তার মতে, যে কোনো জাহাজ এই প্রণালী অতিক্রম করতে গেলে ইরানের বিপ্লবী গার্ড-এর হুমকির মুখে পড়তে পারে।

ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের কাছে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে, যার মধ্যে ব্যালিস্টিক মিসাইলও অন্তর্ভুক্ত।

এছাড়া এ অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে আরও নানা ঝুঁকি তৈরি হতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে।