ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ভেস্তে গেল, সমঝোতা ছাড়াই শেষ বৈঠক

লন্ডন বাংলা টাইমস | অনলাইন:
পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। যুক্তরাষ্ট্র তাদের আপত্তির বিষয় ও ‘রেড লাইন’ স্পষ্টভাবে তুলে ধরলেও সেই শর্ত মানতে রাজি হয়নি ইরান।

আলোচনা শেষে ব্রিফিংয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনা চললেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। তিনি জানান, “যুক্তরাষ্ট্র তার শর্তগুলো পরিষ্কার করেছে, কিন্তু ইরান আমাদের শর্তে রাজি হয়নি।”

তিনি আরও বলেন, “আমরা এমন কোনো অবস্থায় পৌঁছাতে পারিনি যেখানে ইরান আমাদের শর্ত মেনে নেবে।” সমঝোতা না হওয়ায় মার্কিন প্রতিনিধিদল এখন পাকিস্তান ছেড়ে দেশে ফিরে যাবে বলেও জানান তিনি।

অন্যদিকে, আলোচনা শেষে এক বিবৃতিতে ইরান যুক্তরাষ্ট্রকে “অতিরিক্ত দাবি” করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক শর্তই সমঝোতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ব্যর্থ আলোচনা দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়াতে পারে এবং সংকট সমাধানের পথকে আরও জটিল করে তুলতে পারে।