লন্ডন বাংলা টাইমস | অনলাইন:
হরমুজ প্রণালি দিয়ে যেকোনো ধরনের সামরিক নৌযান চলাচলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটির নৌ-শাখা এক বিবৃতিতে জানিয়েছে, এই জলপথ দিয়ে কোনো সামরিক জাহাজ পার হওয়ার চেষ্টা করলে তাদের ‘চরম পরিণতির’ মুখে পড়তে হবে।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা ও কর্তৃত্ব আইআরজিসির রয়েছে। বর্তমানে নির্দিষ্ট কিছু শর্ত মেনে শুধুমাত্র বেসামরিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে বলেও জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সামরিক জাহাজ চলাচলের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের একটি দাবিও প্রত্যাখ্যান করেছে তেহরান। মার্কিন সামরিক বাহিনী দাবি করেছিল, তাদের দুটি সামরিক জাহাজ সফলভাবে প্রণালিটি অতিক্রম করেছে; তবে ইরান এ দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের পাল্টাপাল্টি অবস্থান অঞ্চলে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং গুরুত্বপূর্ণ এই জলপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।
সূত্র: আল জাজিরা
