হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানি কর্মকর্তারা, যার তাৎক্ষণিক প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। গুরুত্বপূর্ণ এই জলপথ আংশিকভাবে স্বাভাবিক হওয়ায় ব্রেন্ট ক্রুড এবং ইউএস অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে যায়।

দিন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৯ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৩৮ সেন্টে স্থির হয়। বিশ্লেষকরা বলছেন, সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বাজারে এই পতন দেখা গেছে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ বজায় রেখেছে, যা পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলছে।

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি অবরোধ প্রত্যাহার না করে, তবে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত জ্বালানি তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়, ফলে এখানে যে কোনো অস্থিরতা সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে।

সূত্র: আল-জাজিরা