লন্ডনে বসন্তের আমেজে ‘সুরালয়’-এর বর্ণাঢ্য বাংলা বর্ষবরণ উৎসব

বসন্তের রৌদ্রোজ্জ্বল দিনে লন্ডনের ভ্যালেন্টাইনস পার্কে সঙ্গীত শিক্ষালয় ‘সুরালয়’-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা বর্ষবরণ উৎসব। বৃহস্পতিবার, ২৫ এপ্রিল আয়োজিত এই উৎসবে অংশ নেন শিক্ষার্থী, অভিভাবক এবং সংস্কৃতিপ্রেমী দর্শনার্থীরা।

অনুষ্ঠানের শুরুতেই সুরালয়ের সঙ্গীত শিক্ষাগুরু গৌরী চৌধুরীর নেতৃত্বে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘এসো হে বৈশাখ, এসো এসো’। শিশু-কিশোরদের প্রাণবন্ত পরিবেশনা ও বড়দের অংশগ্রহণে মুহূর্তেই জমে ওঠে উৎসবমুখর পরিবেশ। পার্কজুড়ে ছড়িয়ে পড়ে বাংলা গানের মধুর সুর, যা পথচারী অবাঙালিদেরও আকৃষ্ট করে।

এরপর একক সংগীত পরিবেশন করে স্নিগ্ধা, জায়া, রাজকন্যা, রূপকথা, উদিতি ও বিরজাসহ একঝাঁক শিশুশিল্পী। তাদের পরিবেশনায় উঠে আসে ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’, ‘রাঙামাটির রঙে’, ‘আহা আজি এ বসন্তে’সহ জনপ্রিয় বাংলা গান।

শিশুদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীদের জন্য ছিল পুরস্কারের ব্যবস্থা। উৎসবকে আরও প্রাণবন্ত করতে অভিভাবকেরা নিজ নিজ পছন্দের খাবার নিয়ে আসেন—ইলিশ ভাজা, ভর্তা, চিকেন কারি, দই বড়া থেকে শুরু করে টিরামিসু, কালোজাম ও চমচমে ছিল বৈচিত্র্য।

অনুষ্ঠানে উপস্থিতদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় আসন্ন ৭ মে রেডব্রিজ কাউন্সিল নির্বাচনে বার্কিংসাইড ওয়ার্ডে লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী সৈয়দা ফেরদৌসি পাশাকে। গৌরী চৌধুরী তাকে সমর্থন করার আহ্বান জানান। সৈয়দা পাশা তার বক্তব্যে সুরালয়ের প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠানটি বাংলা সংগীতের পাশাপাশি বাঙালি সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবি ও সাংবাদিক সারওয়ার-ই আলম। তিনি বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাঙালির অসাম্প্রদায়িক সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিনুরাগী মোহাম্মদ আবদুর রাকীব, সঙ্গীতশিল্পী রিপা রাকীব, স্বপন নন্দী, সাপ্তাহিক সত্যবাণীর সম্পাদক সৈয়দ আনাস পাশা, সংবাদপাঠক রিনা দাস ও উপস্থাপক শামীমা মিতা প্রমুখ।

সার্বিকভাবে, প্রাণবন্ত আয়োজন আর আন্তরিক অংশগ্রহণে প্রবাসে বাংলা নববর্ষ উদযাপন হয়ে ওঠে আনন্দঘন ও স্মরণীয়।