যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার, দ্বৈত হত্যার অভিযোগে আটক একজন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা বে এলাকার জলপথ থেকে নিখোঁজ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির খণ্ডিত মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। কয়েকদিন ধরে তাকে খুঁজে বের করতে ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছিল।

রোববার (২৬ এপ্রিল) গভীর রাতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিশ্চিত করে। উদ্ধার হওয়া দেহাবশেষ পিনেলাস কাউন্টির একটি স্থান থেকে পাওয়া যায়। হিলসবরো কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, ইন্টারস্টেট ২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থের সংলগ্ন এলাকা, যা হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের সেন্ট পিটার্সবার্গ অংশের কাছাকাছি, সেখান থেকেই মরদেহের অংশ উদ্ধার করা হয়।

গত সপ্তাহে বৃষ্টি নিখোঁজ হন আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের সঙ্গে। পরে শুক্রবার (২৪ এপ্রিল) ট্যাম্পার নিকটবর্তী একটি সেতুর ওপর থেকে লিমনের বিকৃত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর পুলিশ লিমনের ২৬ বছর বয়সী রুমমেট হিশাম আবুগারিবেহকে আটক করে। তার বিরুদ্ধে অস্ত্রসহ পরিকল্পিতভাবে দুজনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় একাধিক কালো ট্র্যাশ ব্যাগের ভেতরে পচনধরা অবস্থায় লিমনের দেহ পাওয়া যায়। তদন্তকারীদের ধারণা, একইভাবে বৃষ্টির মরদেহও সরিয়ে ফেলা হয়েছিল।

এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।