মূলধারার ব্রিটিশ রাজনীতিতে উজ্জ্বল বাংলাদেশিরা, আনন্দে ভাসছে মৌলভীবাজার
মৌলভীবাজারের ৮ জন প্রবাসী বাংলাদেশি বৃটেনের স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। গত ৭ মে অনুষ্ঠিত এ নির্বাচনে বিভিন্ন কাউন্সিলে বিজয় অর্জনের মধ্য দিয়ে তারা শুধু নিজেদের অবস্থানই শক্তিশালী করেননি, বরং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তিও আরও উজ্জ্বল করেছেন।
বৃটেনের বাঙালি কমিউনিটি লিডার ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ মকিস মনসুর, শিক্ষার্থী আসাদুজ্জামান দাইয়ান এবং ব্যবসায়ী মোহাম্মদ সাদিকুর রহমান জানান, এখন পর্যন্ত মৌলভীবাজার জেলার ৮ জন কাউন্সিলর নির্বাচিত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা করছেন কমিউনিটি নেতারা।
জানা যায়, লেখাপড়া, চাকরি ও জীবিকার প্রয়োজনে যুক্তরাজ্যে পাড়ি জমানো এসব প্রবাসী নিজেদের মেধা, পরিশ্রম ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন। পরবর্তীতে কমিউনিটি নেতৃত্ব থেকে মূলধারার রাজনীতিতে যুক্ত হয়ে ধারাবাহিকভাবে সফলতা পাচ্ছেন তারা।
নির্বাচিতদের মধ্যে রয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্টেপনি গ্রিন ওয়ার্ড থেকে এসপায়ার পার্টির সাবিনা আক্তার। তিনি টানা চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে অনন্য নজির গড়েছেন। সাবিনা আক্তার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের উছমানপুর গ্রামের প্রবাসী ফারুক আলী সুন্দরের মেয়ে।
পূর্ব লন্ডনের নিউহ্যাম কাউন্সিল থেকে চতুর্থবারের মতো লেবার পার্টির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র রহিমা রহমান। তিনি মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোড এলাকার বাসিন্দা।
রেডব্রিজ কাউন্সিল থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন লেবার পার্টির জুসনা ইসলাম। মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উত্তর মোলাইম গ্রামের সন্তান জুসনা ইসলাম পূর্বে এ কাউন্সিলের মেয়রের দায়িত্বও পালন করেছেন।
একই কাউন্সিল থেকে লেবার পার্টির হয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাংস্কৃতিক কর্মী সাঈদা চৌধুরী। তিনি মৌলভীবাজার সদর উপজেলার মেয়ে এবং বড়লেখার পুত্রবধূ।
টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ড থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আবু তালহা চৌধুরী। তিনি এসপায়ার পার্টির প্রার্থী হিসেবে জয়লাভ করেন। তার বাড়ি সদর উপজেলার একাটুনা ইউনিয়নের সিংকাপন গ্রামে।
নর্থ ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড কাউন্সিল থেকে চতুর্থবারের মতো লেবার পার্টির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান খান। তিনি সদর উপজেলার কামালপুর ইউনিয়নের আজমনী গ্রামের সন্তান।
লন্ডন বোরো অব ইসলিংটনের বার্নসবারি ওয়ার্ড থেকে ষষ্ঠবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র একে এম গোলাম জিলানী চৌধুরী জিবু। তিনি মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর পতন এলাকার বাসিন্দা।
এছাড়া ইংল্যান্ডের ওয়েল্ডস্টোন নর্থ ওয়ার্ড থেকে আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন শাহানিয়া চৌধুরী। তার পৈতৃক নিবাস শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কালাপুর চৌধুরী বাড়ি।
নির্বাচনের ফল প্রকাশের পর দেশে ও বিদেশে অবস্থানরত বাঙালিদের মধ্যে আনন্দের বন্যা বইছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছায় সরব হয়ে ওঠেন প্রবাসী ও স্বজনরা।
বিদেশের মাটিতে মৌলভীবাজারের সন্তানদের এ সাফল্যে জেলার সর্বস্তরের মানুষ গর্ব ও আনন্দ প্রকাশ করেছেন।
