জগন্নাথপুরে মসজিদকেন্দ্রিক বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত নারীসহ অন্তত ৫০

সুনামগঞ্জ প্রতিনিধ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামে মসজিদের ইমামের একটি মাসআলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তেলিকোনা জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান শুক্রবার একটি ধর্মীয় মাসআলা নিয়ে বক্তব্য প্রদান করেন। ওই বিষয়কে কেন্দ্র করে গ্রামের সুনু মিয়ার লোকজন ও আসাদ মিয়ার লোকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এর জের ধরে শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে দুই পক্ষের নারীসহ ৫০ ব্যক্তি আহত হন। আহতদের প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

এ বিষয়ে এলাকার বিশিষ্ট সমাজসেবক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার বলেন, “শুক্রবার মসজিদে ইমাম সাহেবের একটি মাসআলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।” এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।