বিশ্বকাপের মহারণ শুরুর আগেই অনাকাঙ্ক্ষিত এক ঘটনার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে দলের অফিসিয়াল ট্রেনিং বেস থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ ও অনুশীলনের সরঞ্জাম চুরির ঘটনা ঘটলেও, স্থানীয় পুলিশের দ্রুত অভিযানে সব মালামাল উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটে কানসাস সিটির সোয়োপ সকার ভিলেজে, যেখানে এবারের বিশ্বকাপে ইংল্যান্ড দলের বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। তদন্ত সূত্রে জানা যায়, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) লজিস্টিকস টিম ভ্যান থেকে সরঞ্জাম নামানোর সময় সুযোগ বুঝে দুর্বৃত্তরা ফুটবল বুট, স্পোর্টস জুতা এবং জাতীয় দলের কয়েকটি জার্সি চুরি করে নিয়ে যায়।
ঘটনার পরপরই ইংল্যান্ড শিবিরে উদ্বেগ ছড়িয়ে পড়লেও দ্রুত ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন। পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া সব সরঞ্জাম উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিরা হলেন মোস্তফা সালিক ও এরফান কামাল।
জ্যাকসন কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলেসা জনসন জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে চুরি হওয়া মালামাল অবৈধভাবে নিজেদের হেফাজতে রাখার অভিযোগ আনা হয়েছে। মিসৌরি অঙ্গরাজ্যের আইন অনুযায়ী এ অপরাধে এক থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
পুলিশের উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে চার জোড়া বিশেষ ফুটবল বুট, পাঁচ জোড়া জুতা, প্রায় পাঁচ হাজার মার্কিন ডলার মূল্যের তিনটি অটোগ্রাফযুক্ত জার্সি, একটি অফিসিয়াল বিশ্বকাপ বল, বিভিন্ন ট্রেনিং কিট, খেলোয়াড়দের ব্যক্তিগত কিছু সরঞ্জাম এবং একটি লেগো সেট।
বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার কথা কোচ টমাস টুখেলের দলের। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই ঘটনায় কিছুটা অস্বস্তি তৈরি হলেও, সব সরঞ্জাম অক্ষত অবস্থায় ফিরে পাওয়ায় স্বস্তি ফিরেছে ইংল্যান্ড শিবিরে।
এর আগে ফ্লোরিডায় ১০ দিনের প্রস্তুতি ক্যাম্পে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে হ্যারি কেইন ও জুড বেলিংহামরা। নিউজিল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে জয় পাওয়ার পাশাপাশি মিয়ামি এফসিকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে থ্রি লায়ন্সরা। মাঠের বাইরের এই ঝামেলা কাটিয়ে এখন পুরো মনোযোগ বিশ্বকাপের মূল লড়াইয়ে দিতে প্রস্তুত ইংল্যান্ড।
