ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৫, নিখোঁজ ৪১

ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে যাত্রীবাহী একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, ফেরিটিতে অন্তত ২৫০ জন যাত্রী ও ক্রু ছিলেন।

দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস (Basarnas) জানিয়েছে, ফেরিটি পূর্ব জাভার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসার শহরের উদ্দেশে যাত্রা করছিল। পথিমধ্যে মাদুরা দ্বীপের উপকূলে জাহাজটিতে আগুন লাগে।

বাসারনাসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টা ২৪ মিনিটে সুরাবায়া অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় যাত্রীবাহী জাহাজ কেএমপি মুতিয়ারা সেন্তোসা ২-এ আগুন লাগার খবর পায়। শিপিং কোম্পানির প্রাথমিক তথ্য অনুসারে, স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে আগুনের সূত্রপাত হয়।

পরে উদ্ধার সংস্থাটি জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফেরিটির প্রায় পুরো অংশ আগুনে গ্রাস হয়ে যায়। উদ্ধারের অপেক্ষায় বহু যাত্রী জাহাজের সেতু ও সামনের অংশে আশ্রয় নেন।

স্থানীয় সংবাদমাধ্যম আইনিউজে প্রচারিত ভিডিওতে দেখা যায়, লাইফ জ্যাকেট পরা বিপুলসংখ্যক মানুষ একটি উদ্ধার নৌকায় অবস্থান করছেন। অন্য ভিডিওতে ফেরির ওপরের অংশ থেকে আগুন ও ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। প্রাণ বাঁচাতে অনেক যাত্রীকে জাহাজ থেকে নিচে নামতে এবং কেউ কেউ সমুদ্রে ঝাঁপ দিতে দেখা গেছে।

ভিডিও ফুটেজে আরও দেখা যায়, সমুদ্রে ভাসতে থাকা যাত্রীদের দিকে লাইফবয় ছুড়ে দেওয়া হচ্ছে। পরে উদ্ধারকারী জাহাজগুলো তাদের নিরাপদে সরিয়ে নেয়।

ফেরিটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাসারনাস।