ইতিহাস গড়ে ইয়ামাল, সৌদিকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শীর্ষে স্পেন

অ্যাটলান্টায় দুর্দান্ত এক প্রদর্শনীতে সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপে জয়ের ধারায় ফিরেছে স্পেন। দলের হয়ে গোল করে ইতিহাসে নাম লিখিয়েছেন ১৮ বছর বয়সী লামিনে ইয়ামাল, যিনি বিশ্বকাপে শুরুর একাদশে প্রথম ম্যাচ খেলেই জালের দেখা পেয়েছেন। একই সঙ্গে তিনি ছুঁয়ে ফেলেছেন ব্রাজিলের কিংবদন্তি পেলের ৬৮ বছরের পুরোনো এক অনন্য রেকর্ড।

ম্যাচের ১০তম মিনিটে সৌদি ডিফেন্ডার আল আমরির ভুলের সুযোগ কাজে লাগিয়ে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে স্পেন। বাম প্রান্ত থেকে মিকেল ওয়ারজাবালের নিখুঁত ক্রসে বক্সের মধ্যে বল পেয়ে সহজ ফিনিশে গোল করেন ইয়ামাল। গোলের পর নিজের স্বাভাবিক ভঙ্গিতে উল্লাস করেন এই স্প্যানিশ তরুণ, দুই হাত তুলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান এবং মাঠে চুমু খান।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড় হিসেবে ম্যাচের প্রথম গোল করার বিরল কীর্তিতে নাম লেখান ইয়ামাল। এর আগে ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর বয়সে এই রেকর্ড গড়েছিলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে।

শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে স্পেন। তৃতীয় মিনিটেই কর্নার থেকে প্রথম সুযোগ তৈরি করেন ইয়ামাল। এরপর ধারাবাহিক আক্রমণে সৌদি রক্ষণকে চাপে রাখে লা রোজারা।

২১তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলার সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মিকেল ওয়ারজাবাল। মাত্র তিন মিনিট পর আবারও গোল করেন তিনি। পেদ্রো পোরোর ক্রস, মার্ক কুকুরেয়ার সেটআপ এবং দানি ওলমোর হেড থেকে আসা বল নিখুঁতভাবে জালে পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন স্প্যানিশ ফরোয়ার্ড। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধে বেঞ্চের শক্তি যাচাই করতে ইয়ামাল ও ওয়ারজাবালকে তুলে নেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে আক্রমণের ধার কমেনি। ৪৯তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে কুকুরেয়ার শট প্রথমে প্রতিহত হলেও সৌদি ডিফেন্ডার তামবাখতির গায়ে লেগে বল জালে ঢুকে যায়। আত্মঘাতী সেই গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০।

শেষ দিকে আরও কয়েকটি সুযোগ তৈরি করে স্পেন। ৮৩ মিনিট পর্যন্ত তারা মোট ২১টি শট নেয়, যেখানে সৌদি আরবের শট ছিল মাত্র তিনটি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেস বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের স্বস্তিদায়ক জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে তারা। অন্যদিকে বড় ব্যবধানে হারলেও দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা সৌদি আরবের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি।