মেসি-রোনালদোর পর এবার নতুন প্রজন্মের দাপট, ২০২৬ বিশ্বকাপে নজর কাড়ছেন তরুণ তারকারা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে শুধু অভিজ্ঞ তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোই আলোচনার কেন্দ্রবিন্দু নন, নিজেদের প্রতিভা দিয়ে সমানভাবে মুগ্ধ করছেন ফুটবলের নতুন প্রজন্মও। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত এই আসরে ২১ বছর বা তার কম বয়সী ৮৫ জন ফুটবলার অংশ নিয়েছেন। তাদের অনেকেই ইতোমধ্যে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্ব ফুটবলে নিজেদের আগমনী বার্তা দিয়েছেন।

সেনেগালের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ইব্রাহিম এমবায়ে ফ্রান্সের বিপক্ষে গোল করে বিশ্বকাপ ইতিহাসের চতুর্থ সর্বকনিষ্ঠ গোলদাতার কৃতিত্ব অর্জন করেছেন। যদিও সেই ম্যাচে সেনেগাল ৩-১ ব্যবধানে পরাজিত হয়, তবুও এমবায়ের গোল ছিল দলের জন্য একটি ইতিবাচক দিক।

অন্যদিকে, স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল সৌদি আরবের বিপক্ষে ৪-০ গোলের জয়ে নিজের প্রথম বিশ্বকাপ গোল করেন। মাত্র ১৮ বছর বয়সেই তিনি স্পেনের আক্রমণভাগের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন।

এছাড়া স্বাগতিক মেক্সিকোর ১৭ বছর বয়সী মিডফিল্ডার গিলবার্তো মোরা ইতিহাস গড়ে বিশ্বকাপে স্বাগতিক দেশের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে মাঠে নামেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নেমে তিনি এই রেকর্ড গড়েন।

বিশ্বকাপের গ্রুপ পর্বেই এসব তরুণ ফুটবলারদের আত্মবিশ্বাসী ও পরিণত পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে ইয়ামাল, এমবায়ে ও মোরার মতো উদীয়মান তারকারা ভবিষ্যতে বিশ্ব ফুটবলের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা দেখাচ্ছেন।

২০২৬ বিশ্বকাপ তাই শুধু মেসি-রোনালদোর শেষ অধ্যায়ের গল্প নয়, বরং নতুন এক প্রজন্মের উত্থানেরও মঞ্চ হয়ে উঠেছে।