ইরানকে আবারও ‘কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, যুদ্ধবিরতি নিয়ে বাড়ল অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত আজ রাতেই ইরানের ওপর আবারও “খুব কঠোর” সামরিক হামলা চালাবে। তিনি দাবি করেন, আগের রাতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর অত্যন্ত শক্তিশালী হামলা চালিয়েছে এবং প্রয়োজনে একই ধরনের পদক্ষেপ আবারও নেওয়া হবে।

আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “গত রাতে আমরা তাদের খুব, খুব কঠোরভাবে আঘাত করেছি। সম্ভবত আজ রাতেও আবার কঠোরভাবে আঘাত করব।” তিনি আরও দাবি করেন, সম্ভাব্য হামলার আগে ইরানকে কিছুটা সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (Memorandum of Understanding) কার্যকর আছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার দৃষ্টিতে বিষয়টি “শেষ হয়ে গেছে”।

তিনি আরও বলেন, “আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। তারা খুবই খারাপ মানুষ। তারা অসুস্থ মানসিকতার লোক।”

ভবিষ্যতে দুই দেশের মধ্যে আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, “তারা চাইলে আলোচনা করতে পারে, কিন্তু আমি মনে করি এটি সময়ের অপচয়। তারা বারবার মিথ্যা বলে।”

ট্রাম্পের এই বক্তব্যের পর যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক এবং চলমান উত্তেজনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।