স্টাফ রিপোর্টার | ঢাকা | ২৩ জুলাই
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চিঠিতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত পৃথক চিঠি প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানো হয়। চিঠির বিষয় ছিল, ‘গাজী নজরুল ইসলাম, সংসদ সদস্যকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার।’
চিঠিতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে দলীয় সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, গত ২২ জুলাই বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
চিঠিতে প্রধান নির্বাচন কমিশনারের প্রতি বহিষ্কারের বিষয়টি অবগতির জন্য জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে জাতীয় সংসদের স্পিকারের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
