আগাম মুক্তি পরিকল্পনায় ক্ষোভ: অ্যান্ড্রু হার্পারের স্ত্রীর সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা

ইংল্যান্ডে বন্দিদের আগাম মুক্তির নতুন পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন নিহত পুলিশ কর্মকর্তা (পিসি) অ্যান্ড্রু হার্পারের স্ত্রী লিসি হার্পার। তার এই প্রতিক্রিয়া আসে এমন এক সময়, যখন ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম বন্দিদের আগাম মুক্তি সংক্রান্ত পরিকল্পনা নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন।

২০১৯ সালে মাত্র ২৮ বছর বয়সে কর্তব্যরত অবস্থায় নিহত হন পিসি অ্যান্ড্রু হার্পার। বার্কশায়ারে একটি কোয়াড বাইক চুরির ঘটনায় পালিয়ে যাওয়ার সময় তিন কিশোরের গাড়ির সঙ্গে আটকে গিয়ে দীর্ঘ পথ টেনে নেওয়ায় তার মৃত্যু হয়।

সম্প্রতি হার্পারের মা যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয় (Ministry of Justice) থেকে একটি চিঠি পেয়েছেন। সেখানে জানানো হয়, মামলার দুই দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেসি কোল এবং অ্যালবার্ট বাওয়ার্স নতুন Sentencing Act-এর আওতায় আগাম মুক্তির সুযোগ পেতে পারেন।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে লিসি হার্পার বলেন, “ডেস্কের আড়াল থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যার বাস্তব ও দীর্ঘস্থায়ী প্রভাব ভুক্তভোগী পরিবারগুলোর ওপর পড়বে।” তিনি সম্ভাব্য আগাম মুক্তিকে “অত্যন্ত নিন্দনীয়” বলেও অভিহিত করেন।

জেসি কোল ও অ্যালবার্ট বাওয়ার্সকে পিসি হার্পারের মৃত্যুর ঘটনায় ম্যানস্লটার (অবহেলাজনিত হত্যাকাণ্ড) অপরাধে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। নতুন আইনের আওতায় তারা আগামী বছরের জুন থেকে আগাম মুক্তির জন্য বিবেচিত হতে পারেন।

অন্যদিকে, ঘটনার সময় গাড়িটি চালানো হেনরি লং এই পরিকল্পনার আওতায় পড়ছেন না। কারণ, তাকে আরও কঠোর ধরনের এক্সটেন্ডেড সেন্টেন্স দেওয়া হয়েছিল, যা নতুন সংস্কারের আওতার বাইরে রাখা হয়েছে।

এই আগাম মুক্তি পরিকল্পনা নিয়ে ভুক্তভোগী পরিবার, আইনপ্রণেতা এবং জনমনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

সূত্র : বিবিসি