রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনা, শুক্রবারই জমা হতে পারে পদত্যাগপত্র

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু) স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবারই পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স এবং সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তিনি রাষ্ট্রপতির পদ ছেড়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

জানা গেছে, চলতি মাসের মধ্যেই তিনি বঙ্গভবন ত্যাগ করতে পারেন। এর আগে সিঙ্গাপুরেই তিনি হৃদরোগের চিকিৎসা ও বাইপাস সার্জারি করিয়েছিলেন। রাষ্ট্রপতি তার পদত্যাগের সিদ্ধান্ত এবং চিকিৎসার পরিকল্পনার বিষয়টি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঘনিষ্ঠজনদের অবহিত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের খবরের পর চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন। সংসদ সচিবালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সরকারের উচ্চপর্যায়ের অনুরোধে তিনি সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরবেন। পূর্বসূচি অনুযায়ী তার আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিতে হয়। সে কারণেই স্পিকারের দ্রুত দেশে ফেরার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষা রয়েছে।