হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই জাগরণ পদযাত্রা ২০২৬’ কর্মসূচি শেষে গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এনসিপির দাবি, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল বলেছে, ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় শহরের থানা মোড় ও সদর হাসপাতাল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ নেতাকর্মীরা শহরের সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নেন। পরে রাত ৮টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়।

এনসিপির দাবি, হামলায় সারজিস আলম, জেলা সদস্য সচিব মাহবুবুর রহমান মুবিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। হামলাকারীরা তাদের বহনকারী একাধিক গাড়িও ভাঙচুর করেছে।

জেলা এনসিপির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল অভিযোগ করেন, সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের নিয়ে সার্কিট হাউসে যাওয়ার পথে থানা মোড় এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অন্যদিকে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন অভিযোগ অস্বীকার করে বলেন, হবিগঞ্জকে অস্থিতিশীল করার মতো কোনো কর্মকাণ্ডে ছাত্রদল জড়িত নয়। তার দাবি, কোনো বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ লোকজন ধাওয়া দিয়েছে বলে তিনি শুনেছেন। এ ঘটনায় ছাত্রদল বা বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই।

হামলার বিষয়ে সারজিস আলম বলেন, তাদের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। কারও হাত ভেঙে গেছে, কারও মাথায় আঘাত লেগেছে এবং একজনের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, আহতদের হাসপাতালে নেওয়ার সময় হাসপাতালের সামনেও তাদের ওপর পুনরায় হামলা চালানো হয়।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার সকালে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ‘জুলাই জাগরণ পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে অংশ নেন। পরে বিকেল সাড়ে ৫টায় জেলা শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে অনুষ্ঠিত সমাবেশে তারা বক্তব্য দেন। সমাবেশ শেষে সার্কিট হাউসে ফেরার পথে সংঘর্ষের সূত্রপাত হয়।