ইউএনএইচসিআর কার্ডধারীরাও অবৈধ অভিবাসী, তবে কিছু ক্ষেত্রে আইনি ছাড়: মালয়েশিয়া ইমিগ্রেশন

আহমাদুল কবির | মালয়েশিয়া:

মালয়েশিয়ায় বৈধ ইউএনএইচসিআর কার্ডধারী শরণার্থীদেরও দেশের আইন অনুযায়ী অবৈধ অভিবাসী (পেনডাটাং আসিং তানপা ইজিন-পিএটিআই) হিসেবে বিবেচনা করা হয়। তবে নির্দিষ্ট কিছু অভিবাসন অপরাধে তাদের বিরুদ্ধে মামলা না করার আইনি ছাড় রয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।

সম্প্রতি দেশটিতে শরণার্থীদের ঘিরে কয়েকটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার পর বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে ইমিগ্রেশন বিভাগ।
বার্তা সংস্থা বারনামাকে দেওয়া এক বিবৃতিতে জেআইএম জানায়, বৈধ ইউএনএইচসিআর কার্ডধারীরা এখনও মালয়েশিয়ার আইনে অবৈধ অভিবাসী হিসেবে গণ্য হন এবং দেশের প্রচলিত আইন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য।
তবে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর আওতায় অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান এবং বৈধ ভ্রমণ নথি ছাড়া দেশে প্রবেশের মতো অপরাধের ক্ষেত্রে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ইমিগ্রেশন বিভাগ স্পষ্ট করে জানিয়েছে, এই ছাড়ের অর্থ এই নয় যে ইউএনএইচসিআর কার্ডধারীরা আইনের ঊর্ধ্বে। তারা মালয়েশিয়ার অন্যান্য সব আইন মেনে চলতে বাধ্য এবং অন্য কোনো অপরাধে জড়িত হলে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাধারণ জনগণকে কোনো বিদেশি নাগরিকের বিরুদ্ধে নিজেরা আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে জেআইএম। সংস্থাটি বলেছে, এ ধরনের পদক্ষেপ দেশের নিরাপত্তা, জনশৃঙ্খলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ইমিগ্রেশন বিভাগ আরও জানিয়েছে, কোনো বিদেশি নাগরিক অভিবাসন আইন লঙ্ঘন করছেন বলে সন্দেহ হলে সে বিষয়ে তথ্য সরাসরি জেআইএম বা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো উচিত।
জেআইএমের ভাষ্য, প্রাপ্ত প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।