কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান আবারও কোচিংয়ে ফিরেছেন। এবার তিনি দায়িত্ব নিয়েছেন ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে। জিদানের প্রত্যাবর্তন ঘিরে ফরাসি সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। দেশের মাটিতে কোচ হিসেবে তার প্রথম ম্যাচের সব টিকিট ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেছে।
আগামী ২ অক্টোবর প্যারিসের ঐতিহাসিক স্তাদ দ্য ফ্রান্সে উয়েফা নেশনস লিগে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। প্রায় ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটির কোনো টিকিট এখন আর অবশিষ্ট নেই। জিদানকে ঘিরে সমর্থকদের বিপুল আগ্রহই টিকিট বিক্রির এই নজির গড়েছে বলে মনে করা হচ্ছে।
দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালনের পর ফ্রান্সের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দিদিয়ের দেশম। তার জায়গায় দলের নতুন দায়িত্ব নিয়েছেন জিদান। ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তিকে ঘিরে এখন প্রত্যাশার পারদ তুঙ্গে। সমর্থকদের বিশ্বাস, জিদানের নেতৃত্বে ফ্রান্স আবারও বিশ্ব ও ইউরোপীয় ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে পারবে।
তবে দেশের মাটিতে ডাগআউটে দাঁড়ানোর আগেই শুরু হবে জিদানের নতুন কোচিং মিশন। আগামী ২৫ সেপ্টেম্বর নেশনস লিগের অ্যাওয়ে ম্যাচে তুরস্কের মুখোমুখি হবে ফ্রান্স। এরপর ২৮ সেপ্টেম্বর বেলজিয়াম সফরে যাবে তার দল।
ইতালির বিপক্ষে ২ অক্টোবরের ম্যাচের পর ৫ অক্টোবর প্যারিসেই বেলজিয়ামের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলবে ফরাসিরা। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি জানিয়েছে, ওই ম্যাচেরও ক্যাটাগরি-১-এর কয়েকটি টিকিট ছাড়া বাকি সব টিকিট বিক্রি হয়ে গেছে।
সব মিলিয়ে উপচে পড়া গ্যালারি, সমর্থকদের উচ্ছ্বাস এবং কোটি ভক্তের স্বপ্নকে সঙ্গী করেই ফ্রান্সের প্রধান কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জিনেদিন জিদান।
