সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহামের পুরোনো বার্তা ঘিরে নতুন আলোচনা

ডেভিড বেকহাম ও তার বড় ছেলে ব্রুকলিন বেকহামের সম্পর্ক ঘিরে পারিবারিক টানাপোড়েন এখন প্রকাশ্য আলোচনায়। সোমবার ব্রুকলিন এক বিবৃতিতে পরিবারের সঙ্গে তার দূরত্ব এবং বাবার নিয়ন্ত্রণমূলক আচরণের অভিযোগ তোলার পর বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।

ব্রুকলিনের ওই বক্তব্যে সরাসরি ডেভিড বেকহামকে ইঙ্গিত করে বলা হয়, দীর্ঘদিন ধরে তিনি পারিবারিক চাপ ও নিয়ন্ত্রণের মধ্যে ছিলেন। এই বক্তব্য প্রকাশের পরপরই ফুটবল বিশ্ব ও বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবার সামনে আসে ডেভিড বেকহামের গত বছরের ফাদার্স ডে উপলক্ষে দেওয়া একটি বার্তা। সেখানে তিনি সন্তানদের প্রতি ভালোবাসা, গর্ব এবং পরিবারকে একসঙ্গে ধরে রাখার গুরুত্বের কথা বলেছিলেন। অনেকের মতে, বর্তমান পারিবারিক বিরোধের প্রেক্ষাপটে সেই বার্তাই ডেভিড বেকহামের অবস্থান স্পষ্ট করে।

২০২২ সালে অভিনেত্রী নিকোলা পেল্টজকে বিয়ে করার পর থেকেই ব্রুকলিনের সঙ্গে বাবা ডেভিড ও মা ভিক্টোরিয়া বেকহামের সম্পর্ক শীতল হতে থাকে বলে গুঞ্জন রয়েছে। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে তাদের অনুপস্থিতি সেই ধারণাকে আরও জোরালো করে। বিশেষ করে ভিক্টোরিয়া বেকহামের ৫০তম জন্মদিন এবং পরে ডেভিড বেকহামের জন্মদিনের অনুষ্ঠানে ব্রুকলিন ও নিকোলার উপস্থিতি না থাকা নিয়ে ব্যাপক আলোচনা হয়।

যদিও বেকহাম পরিবার প্রকাশ্যে এই বিরোধ নিয়ে বিস্তারিত মন্তব্য করেনি, তবে ব্রুকলিনের সাম্প্রতিক বিবৃতি পারিবারিক এই বিভক্তিকে প্রথমবারের মতো প্রকাশ্যে নিয়ে এসেছে। অন্যদিকে ডেভিড বেকহামের পুরোনো ফাদার্স ডে বার্তাকে অনেকেই এখন একটি নীরব প্রতিক্রিয়া হিসেবেই দেখছেন। এই পারিবারিক দ্বন্দ্ব ভবিষ্যতে কোন দিকে মোড় নেয়, তা নিয়ে ভক্ত ও অনুসারীদের কৌতূহল বাড়ছে।

Source: the mirror