যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে রিফর্মের দাপট, চাপে লেবার ও কনজারভেটিভ

স্থানীয় নির্বাচনের রাত এখন পর্যন্ত রিফর্ম পার্টির জন্য বড় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। এখন পর্যন্ত ঘোষিত আসনগুলোর অর্ধেকেরও বেশি জিতেছে দলটি, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে, সবচেয়ে বেশি আসন রক্ষার লড়াইয়ে থাকা লেবার পার্টি বড় ধাক্কা খেয়েছে। তারা যেসব আসন ধরে রাখার চেষ্টা করেছে, তার প্রতি পাঁচটির মধ্যে চারটিতেই পরাজিত হয়েছে।

বিবিসির সংগৃহীত গুরুত্বপূর্ণ ওয়ার্ডভিত্তিক ভোট বিশ্লেষণে দেখা যাচ্ছে, রিফর্ম গড়ে প্রায় ৩০ শতাংশ ভোট পেয়েছে। সেখানে লেবারের ভোট গড়ে নেমে এসেছে মাত্র ১৬ শতাংশে।

চ্যালেঞ্জার দল হিসেবে গ্রিন পার্টিও তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। ২০২২ সালের তুলনায় তাদের গড় ভোট বেড়েছে প্রায় ১০ শতাংশ পয়েন্ট। তবে সেই অগ্রগতি উল্লেখযোগ্য সংখ্যক আসন জয়ে রূপ নিতে পারেনি। এখন পর্যন্ত তারা নিট মাত্র আটটি আসন বাড়াতে পেরেছে।

কনজারভেটিভ পার্টিও পিছিয়ে পড়ছে। দলটির ভোট গড়ে ১৪ শতাংশ পয়েন্ট কমেছে এবং তারা যেসব আসন রক্ষার চেষ্টা করছে, তার অর্ধেকেরও বেশি হারাচ্ছে।

লিবারেল ডেমোক্র্যাটদের প্রত্যাশিত সাফল্যও এখন পর্যন্ত দেখা যায়নি। তাদের মোট আসনসংখ্যায় বড় কোনো পরিবর্তন হয়নি। এছাড়া ২০২২ সালের তুলনায় দলটির ভোট গড়ে ৫ শতাংশ পয়েন্ট কমেছে। যদিও কনজারভেটিভ ও লেবারের তুলনায় ক্ষতি কম হওয়ায় পরিস্থিতি কিছুটা আড়ালে রয়েছে।