হরমুজ প্রণালির জন্য নতুন বিধিমালা আনছে ইরান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ব্যবস্থাপনার জন্য নতুন বিধিমালা প্রণয়নের কাজ চলছে। আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এই বিধিমালা তৈরি করা হবে বলে তিনি জানান।

তেহরানে নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস মটজফেল্ড ক্রাভিকের সঙ্গে বৈঠকে আরাগচি এ তথ্য প্রকাশ করেন। এর আগে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারাও ইঙ্গিত দিয়েছিলেন যে, তেহরান হরমুজ প্রণালির জন্য একটি নতুন আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে চায়।

বৈঠকে বর্তমান আঞ্চলিক উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রের নীতি ও অবস্থানকে দায়ী করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের “চরমপন্থি মনোভাব”, হুমকি ও উসকানিমূলক বক্তব্য, পাশাপাশি সদিচ্ছা ও আন্তরিকতার অভাব সম্ভাব্য সমঝোতা বা চুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

আরাগচির দাবি, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মূল কারণ হলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসন এবং ইরানের সমুদ্রবন্দরগুলোর ওপর অব্যাহত অবরোধ।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন মেনেই ইরান এই গুরুত্বপূর্ণ জলপথের জন্য নতুন বিধিমালা তৈরি করছে, যা ভবিষ্যতে আঞ্চলিক নৌ-নিরাপত্তা ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।