কৃষ্ণসাগরের আন্তর্জাতিক আকাশসীমায় ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের (RAF) একটি নজরদারি বিমানের কাছে রাশিয়ার দুটি যুদ্ধবিমান “বারবার এবং বিপজ্জনকভাবে” বাধা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, RAF-এর একটি নিরস্ত্র রিভেট জয়েন্ট (Rivet Joint) নজরদারি বিমান ন্যাটোর পূর্বাঞ্চলীয় নিরাপত্তা জোরদারে নিয়মিত টহল মিশনে ছিল। এ সময় রুশ যুদ্ধবিমানগুলো সেটির খুব কাছাকাছি উড়ে আসে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী John Healey বলেন, “আন্তর্জাতিক আকাশসীমায় পরিচালিত একটি নিরস্ত্র বিমানের প্রতি রুশ পাইলটদের এই আচরণ বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য। এতে দুর্ঘটনা ও উত্তেজনা বৃদ্ধির গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে।”
বিবৃতিতে বলা হয়, একটি রুশ সু-৩৫ যুদ্ধবিমান এতটাই কাছে চলে আসে যে ব্রিটিশ বিমানের জরুরি সতর্কতা ব্যবস্থা সক্রিয় হয়ে যায়। এছাড়া একটি সু-২৭ যুদ্ধবিমান ছয়বার খুব কাছ দিয়ে উড়ে যায় এবং এক পর্যায়ে সেটি রিভেট জয়েন্ট বিমানের নাক থেকে মাত্র ছয় মিটার দূরত্বে চলে আসে।
ঘটনার পর যুক্তরাজ্যের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রুশ দূতাবাসে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।
ব্রিটিশ কর্তৃপক্ষের দাবি, ২০২২ সালের পর এটিই ব্রিটিশ নজরদারি বিমানের বিরুদ্ধে রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপ। ওই বছর কৃষ্ণসাগরের আকাশে একটি রুশ যুদ্ধবিমান ভুলবশত একটি ক্ষেপণাস্ত্র ছুড়ে ফেলেছিল বলে পরে মস্কো দাবি করেছিল।
